নিজস্ব প্রতিবেদক
একই দিনে পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নগরের রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। অন্যদিকে, সকাল ১০টায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।
দুই শীর্ষ নেতার সফর ঘিরে চট্টগ্রাম নগর ও জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পূজামণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিশেষ নিরাপত্তা বাহিনী, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই নেতার কর্মসূচির স্থান ও সময় আলাদা হওয়ায় তাদের মুখোমুখি হওয়ার কোনো সূচি নেই। প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে বিরোধীদলীয় নেতার কর্মসূচি ঘিরেও দলীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তিনি নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার খোঁজখবর নেওয়ার কথা রয়েছে তাঁর।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরের একটি হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর সফরকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সকাল ১০টায় জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ যোগ দেবেন। ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সার্বিক নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর সফর ও পূজার নিরাপত্তায় বহুমাত্রিক পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হুমকি নেই।
এর আগে সোমবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে সিএমপি কমিশনার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা না রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।