নিজস্ব প্রতিবেদক-
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশে জলাবদ্ধতা নিরসনে সব খাল ও পানি নিষ্কাশনের নালাসমূহ সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ সমন্বয়ের জন্য সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মেয়রের নেতৃত্বে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ ও বিভিন্ন খাল পরিদর্শনে যায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসময় মেয়রের নেতৃত্বে সেবা সংস্থাগুলোকে নিয়ে কমিটির কথা সাংবাদিকদের বলেন তিনি।
এরপর দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কাজ ও বিভিন্ন খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা কয়েকদিনের মধ্যে ৮০ শতাংশ কমে যাবে এবং প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে তা একেবারে থাকবেনা।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন,চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের কর্মকর্তা, চট্টগ্রাম ওয়াসা, সিটি কর্পোরেশনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার জারি করা প্রজ্ঞাপনে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে।
কমিটির সদস্য করা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে।
কমিটির সদস্যসচিব চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।
অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন; মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন।
কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন, সময়ে সময়ে সভা আহ্বানপূর্বক উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবেন, চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যেকোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর/সংস্থার সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।