• ঢাকা |

চট্টগ্রামের গুলিয়াখালীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ২৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. রিফাতের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সৈকতসংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত রিফাত সিরাজগঞ্জ জেলার রাজবাড়ি এলাকার মো. নুর উল্লাহ’র ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, শনিবার (২৩ মে) সিরাজগঞ্জ থেকে পাঁচ বন্ধু বেড়াতে সীতাকুণ্ডে আসে। পরে তারা গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর রোববার সকালে সৈকতের কেওড়া বাগান এলাকা থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া মরদেহ সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।