• ঢাকা |

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করবে না ভারত: ভারতীয় হাইকমিশনার


নিউজ প্রকাশের তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি একজন রাষ্ট্রদূত। অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের বলা উচিতও নয়।’

তিনি বলেন, দেশের মানুষ ও নির্বাচিত সরকারই দেশের জন্য কী ভালো, তা সবচেয়ে ভালো বুঝবে। মানুষের কল্যাণে কাজ করাই মূল বিষয়।

দুই দেশের সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত ‘পিপল টু পিপল’ সম্পর্ক। দুই দেশ সমান অংশীদার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করা উভয়ের দায়িত্ব।

অতীতের প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতকে ভুলে যাওয়া যায় না, কিন্তু অতীতে আটকে থাকারও কোনো সুযোগ নেই।’ অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি বলেন, মানুষের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও বেশি মুক্ত বাণিজ্যের সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক নির্ভরশীলতা ও বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সাক্ষাতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান ভারতের হাইকমিশনার।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি।