• ঢাকা |

মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘাটতির কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হলেও মাদ্রাসা শিক্ষকরা আগামী জুলাই মাসে মে মাসের বকেয়া বেতন পাবেন বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়নি। তবে ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফলে জনতা ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী শিক্ষকরা জুলাই মাসে মে মাসের বকেয়া বেতন পাবেন। অন্যদের বেতনও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, সাধারণত একজন শিক্ষার্থী ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হয় এবং স্কুল-কলেজের ১২ বছরের শিক্ষা শেষ করতে তার বয়স ১৮ বছর হওয়ার কথা। কিন্তু পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের কারণে অনেক শিক্ষার্থীর বয়স ২০ বছর হয়ে যায়। এতে তাদের জীবনের মূল্যবান দুই বছর নষ্ট হওয়ার পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নও ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা জীবনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমাতে রমজান ও ঈদের বিষয় বিবেচনায় রেখে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী জানান, পরীক্ষার আগে পাঠ্যক্রম সম্পন্ন, টেস্ট পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ভিত্তিক বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সময়মতো ফল প্রকাশ এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দুই বছরের কোর্স সম্পন্ন হওয়ার পরপরই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।