নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের জামিয়তুল ফালাহ মসজিদ মাঠ এলাকায় সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল ও স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (১৫ মে) সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ মে জানাজা শেষে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে মিছিল বের করে। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইটের টুকরা ও কাঠের লাঠি জব্দ করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয় এবং কোতোয়ালী থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা পরিকল্পনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।