• ঢাকা |

রাখাইনে মিয়ানমারের বিমান হামলায় নিহত ৪৯


নিউজ প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় কিয়াউকতাও শহরের একটি মার্কেটে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এতে অন্তত ৪৯ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। যে এলাকায় হামলা চালানো হয়েছে, সেটি মিয়ানমারের অন্যতম প্রধান জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন।

আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার একটি যুদ্ধবিমান থেকে কিয়াউকতাও শহরের ওই মার্কেটে দুটি বোমা ফেলা হয়। এতে ৪৯ জন নিহত এবং ৫৮ জন আহত হন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অস্থায়ী ও স্থায়ী দোকানদার এবং সাধারণ পথচারী রয়েছেন।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিয়াউকতাওয়ের ওই মার্কেটটি একটি বড় পাইকারি বাজার। সেখানে সবসময় ভিড় থাকে। রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে কেনাকাটা করতে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলার পর মার্কেট ও আশপাশের কয়েকটি ভবন, গাড়ি ও বাসে আগুন জ্বলছে। বিমান হামলায় বাজারসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাখাইনভিত্তিক আরাকান আর্মি মিয়ানমারের অন্যতম বৃহৎ ও শক্তিশালী জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশজুড়ে জান্তাবিরোধী আন্দোলন জোরালো হয়। এ সময় আরাকান আর্মিও তাদের সাংগঠনিক শক্তি বাড়ায়। ২০২৩ সালে রাখাইনের নিয়ন্ত্রণ নিতে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে গোষ্ঠীটির বড় ধরনের সংঘাত শুরু হয়, যা এখনও চলছে।

রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কিয়াউকতাও এসব শহরের একটি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ইন্ডিয়া টুডে