লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কোনো ব্যক্তির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল মানুষের ওপর আঘাত। গণতন্ত্র, ন্যায়বিচার ও ফ্যাসিবাদবিরোধী চেতনায় বিশ্বাসী সব শক্তিকে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধই হতে পারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।”
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়নে একটি অনুষ্ঠান শেষে লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।