• ঢাকা |

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই, জানাজা বৃহস্পতিবার দাফন মিরসরাইয়ে 


নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। 

বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এবং বিকেল ৫টায় মিরসরাই উপজেলার ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 

মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং শুভপুর সেতু উড়িয়ে দেওয়ার অভিযানে নেতৃত্ব দেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে ছয় দফা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ছিলেন।

ব্যক্তিজীবনে স্ত্রী আয়েশা সুলতানার সঙ্গে সংসার জীবন কাটিয়েছেন তিনি। তাদের তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।