• ঢাকা |

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি


নিউজ প্রকাশের তারিখ : ১১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন: অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

আপডেট ডেস্ক

       
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা যেন নিত্যদিনের ঘটনা। এবার সেই অভিজ্ঞতার কথাই খোলাখুলি জানালেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বিশেষ করে তাকে ঘিরে ওঠা প্লাস্টিক সার্জারির গুঞ্জন নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি।

একটি টক শোতে অংশ নিয়ে কিয়ারা জানান, একসময় তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকেই দাবি করতে থাকেন, তিনি নাকি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

এই প্রসঙ্গে অভিনেত্রী হাস্যরসের সুরে বলেন, এত বেশি মানুষ যখন একই কথা বলতে শুরু করেছিল, তখন একপর্যায়ে তিনিও ভাবতে শুরু করেছিলেন- হয়তো সত্যিই কিছু করিয়েছেন!

তবে এসব সমালোচনা বা ট্রোলিংকে খুব একটা গুরুত্ব দিতে চান না বলে জানান কিয়ারা। যদিও মাঝে মাঝে নেতিবাচক মন্তব্য মানসিকভাবে প্রভাব ফেলে বলেও স্বীকার করেন তিনি।

কিয়ারা আদভানি বলেন, তারকারাও সাধারণ মানুষের মতোই অনুভূতিপ্রবণ। তাই কাউকে নিয়ে মন্তব্য করার সময় সম্মান ও সংবেদনশীলতা বজায় রাখা উচিত।

২০১৪ সালে ফাগলি সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কিয়ারা। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় অভিনয়ের পর। সেখানে তার সহশিল্পী ছিলেন সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানি।

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে নিজের অবস্থান শক্ত করেন তিনি। বিশেষ করে কবির সিং সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়।

বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে কাজ করছেন কিয়ারা। তবে তারকাখ্যাতির আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ ও ট্রোলিং যে মানসিক প্রভাব ফেলে, সেটিও এবার স্পষ্টভাবে সামনে আনলেন এই অভিনেত্রী।