• ঢাকা |

শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন


নিউজ প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক -

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শেষ বিদায় জানালেন চট্টগ্রামের হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এসময় শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়।
জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন দেশের রাজনীতির এক অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘ রাজনৈতিক জীবনের ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এছাড়া বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। পরিবারের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 
এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরসরাইয়ে।
সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। সেখানেও জানাজায় আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।