• ঢাকা |

‘বারাণসী’র ফার্স্ট লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক

জন্মদিনের দিনই ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘বারাণসী’ সিনেমায় তার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। দুটি ভিন্ন মেজাজের লুকে অভিনেত্রীকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

শনিবার (১৮ জুলাই) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘বারাণসী’ সিনেমার দুটি ফার্স্ট লুক প্রকাশ করেন পরিচালক এস এস রাজামৌলি। একটি ছবিতে কালো পোশাকে অ্যাকশনধর্মী ও তেজস্বী রূপে, অন্যটিতে কেনিয়ার মাসাই মারা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে প্রাণবন্ত ভঙ্গিতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।

ছবি প্রকাশ করে ‘বারাণসী’ টিম লিখেছে, ‘আরও অ্যাডভেঞ্চার, আরও আবিষ্কার এবং প্রতিটি নতুন দিগন্তের যাত্রার জন্য শুভেচ্ছা।’ জন্মদিন উপলক্ষে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে রাজামৌলি লেখেন, ‘হাসলে ওর মধ্যে লুকিয়ে থাকে স্নিগ্ধতা, আর না হাসলে আগুন!’

সিনেমাটিতে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। চরিত্রটি একজন বিশ্বভ্রমণকারী এবং শক্তিশালী নারীর।

‘বারাণসী’র মাধ্যমে প্রায় আট বছর পর ভারতীয় চলচ্চিত্রে বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে তাকে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্কাই ইজ পিঙ্ক সিনেমায় দেখা গিয়েছিল।

ভারতীয় পুরাণ, ইতিহাস ও কল্পবিজ্ঞানের মিশেলে নির্মিত টাইম-ট্রাভেলভিত্তিক এই প্যান-ইন্ডিয়ান সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।