• ঢাকা |

নতুন ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া, আসছে ‘লাপাত্তা’


নিউজ প্রকাশের তারিখ : ১২ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক

বিরতি ভেঙে আবারও ওটিটি কনটেন্টে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘লাপাত্তা’ নামের নতুন ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত হচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ‘লাপাত্তা’র শুটিং। প্রথম দিনেই শুটিংয়ে অংশ নেন নুসরাত ফারিয়া ও অভিনেতা নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে।

ওয়েব ফিল্মটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, ‘লাপাত্তা’ মূলত থ্রিলার ঘরানার গল্প হলেও এতে কমেডির আবহ থাকবে। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন তারা।

পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

এর আগে নুসরাত ফারিয়াকে ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে দেখা গেছে। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। ২০২৩ সালে তার অভিনীত ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পায়। সিনেমাটি মূলত বড়পর্দার জন্য নির্মিত হলেও পরে পরিকল্পনা পরিবর্তন করে ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

এদিকে, নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’। গত বছর সিনেমাটি মুক্তি পায়।

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় ফারিয়া। গত কোরবানির ঈদে প্রকাশিত হয় তার কণ্ঠের গান ‘লোকে বলে’। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে গানটি লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলে।