নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামে নগরীর চকবাজার গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক তরুণ গুরুতর আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত তরুণকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ছুটিতে গুলজার টাওয়ার বন্ধ থাকার পর রোববার সকাল থেকে দোকানপাট খোলার প্রস্তুতি নেওয়ার সময় ওই তরুণ মার্কেটে ঢুকে যায়।
একপর্যায়ে সিঁড়ি বেয়ে সে ছাদে উঠে গেলে বারবার নেমে আসতে বলা হলেও শুনেনি। ৬ তলা ভবনের ছাদে উঠে বাইরের রাস্তার দিকে ঝুলে থাকা অবস্থায়ও তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু এক পর্যায়ে সে লাফ দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়।
চকবাজার থানার ওসি নাজের খান বলেন,আহত ওই তরুণ হঠাৎ ছাদের ওপর উঠে লাফ দেয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন।তার পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বয়স ২১ থেকে ২২ বছর।