• ঢাকা |

হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা তেহরানের


নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের সঙ্গে ‘যুদ্ধে লিপ্ত’ দেশগুলো ছাড়া অন্য সব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তবে এজন্য ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে।

ভারতের নয়াদিল্লি সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

হরমুজ প্রণালী প্রসঙ্গে আরাগচি বলেন, বিশ্ব জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি বর্তমানে ‘খুবই জটিল’। তবে আলোচনার অগ্রগতি হলে হরমুজ প্রণালীকে পুরোপুরি নিরাপদ করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “আশা করি আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, যাতে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ হয় এবং জাহাজ চলাচল স্বাভাবিক করা যায়।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর-কে তিনি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সবসময় তার ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালন করবে।

ইরানের এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আলোচনায় একমত হয়েছেন যে, তেহরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে।