আগামীর বাংলাদেশ গড়তে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে, দুর্নীতি দমন করা হবে, বেকার সমস্যার সমাধান করা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরুর সময় পথসভায় তিনি এ কথা বলেন।
নগরীর উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, মালুম মসজিদ লেইন, দারোগা হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা জনগণের সেবক হতে চাই, প্রভু হতে চাই না। প্রতিটি নেতাকর্মীকে মাঠে নামতে হবে, ঘরে ঘরে যেতে হবে। জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে জয়ী হয়ে আমরা প্রমাণ করব যে, বিএনপি জনগণের দল, জনগণের আস্থার দল।
তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের একটি সুস্পষ্ট রোডম্যাপ আছে। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। এজন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।