চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধরের অভিযোগে এক তরুণকে আটক করে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও দুই মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শহীদুল্লাহ (১৯) উপজেলার শীলকূপ ইউনিয়নের মুলকিরচর এলাকার বাসিন্দা। অপর দুই দণ্ডপ্রাপ্ত হলেন জামাল হোসেন (৪২) ও মো. মাইনুদ্দিন (২৯)।
স্থানীয়দের অভিযোগ, শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় এলাকায় অশ্লীল ভাষায় গালাগালি ও নানা ধরনের বিশৃঙ্খল আচরণ করে আসছিলেন। তার কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে।
শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরী জানান, মাদকাসক্ত ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে মা নিজেই প্রশাসনের কাছে অভিযোগ করেন।
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, অভিযুক্তের মা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এবং পরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শহীদুল্লাহকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি জানান, আদালতে উপস্থিত হয়ে অভিযুক্তের মা ছেলের দীর্ঘদিনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। মাদকের টাকা জোগাড় করতে শহীদুল্লাহ নিয়মিত মোবাইল ফোন চুরি করতেন এবং তার বিরুদ্ধে ২০টিরও বেশি মোবাইল চুরির অভিযোগ রয়েছে।
ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় ছিল— নিজের সন্তানের লাগামহীন আচরণ ও মাদকাসক্তির কারণে পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে মা নিজেই ছেলের শাস্তি প্রার্থনা করেন।
উপস্থিত সাক্ষ্য-প্রমাণ, স্থানীয়দের বক্তব্য এবং অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহীদুল্লাহকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।