• ঢাকা |

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অবৈধ বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জাম উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় র‌্যাব-৭, বিটিআরসি এবং এনটিএমসির যৌথ অভিযানে একটি ফ্ল্যাট থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, ৮টি সিমবক্সসহ নানা প্রযুক্তিগত যন্ত্রপাতি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের মতো ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি পেলেও অবৈধ ভিওআইপি কল ব্যবসা বন্ধ হয়নি। অসাধু চক্রগুলো সফটওয়্যারভিত্তিক সুইচ ও সিমবক্স ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে। এ ধরনের কার্যক্রমে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির একটি ভাড়া বাসায় জিয়াবুল হক নামে এক ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছেন। এর পরিপ্রেক্ষিতে ১৯ মে ২০২৬ রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল এনটিএমসির কারিগরি সহায়তা এবং বিটিআরসির কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বাসাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাইক্রোনেট সুইচ – ২টি, টিপি-লিংক সুইচ – ১টি, ২৫৬ পোর্টের সিমবক্স – ৭টি ,৫১২ পোর্টের সিমবক্স – ১টি, ১২ ভোল্ট ব্যাটারি – ১টি,ডিজিটাল হোম ইউপিএস – ১টি, গ্রামীণফোন সিম – ২০টি, টেলিটক সিম – ২৩১টিসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সব সরঞ্জাম সচল অবস্থায় ছিল বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ বিষয়টি হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।