নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা একটি পাম তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটির জেনারেটর কক্ষে আগুন লাগে। পরে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দরের টাগবোটগুলো যৌথভাবে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। টানা চেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এক বিজ্ঞপ্তিতে জানান, জরুরি বার্তা পাওয়ার পরপরই কোস্টগার্ডের বিশেষায়িত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের ট্যাংকারটি ইন্দোনেশিয়া থেকে প্রায় সাড়ে ১১ হাজার টন পাম তেল নিয়ে গত ২৬ মে বহির্নোঙরে আসে। ইতোমধ্যে জাহাজটির অর্ধেকের বেশি পাম তেল খালাস করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর দ্রুত জাহাজের জেনারেটর কক্ষ থেকে নাবিক ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সময়মতো উদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় কোনো প্রাণহানি কিংবা সাগরে তেল ছড়িয়ে পড়ার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।