চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং চসিক ৯-১০নং ওয়ার্ড) আসনের নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুন্ডের বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। এসময় এলাকাবাসীও তার সাথে জেয়ারত এবং মোনাজাতে অংশ নেন।
পরে সকাল ৮টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রঃ) এর মাজার জেয়ারত করেন। মাজার জেয়ারতের পাশাপাশি তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ করেন। সকাল ৯টায় আসেন ছলিমপুর ওভারব্রীজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (রঃ) এর মাজারে। সেখানে জেয়ারত ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর আসলাম চৌধুরী যান ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (রঃ) এবং মুস্তাকিম হাশেমী (রঃ) এর মাজারে। এসময় মাজার জেয়ারত শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথেও কুশল বিনিময় করেন।
পরে ভাটিয়ারীর মাদামবিবির হাটে অবস্থিত শাহজানিয়া শাহ (রঃ) এর মাজার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত বার আউলিয়া মাজার, বাঁশবাড়ীয়ায় অবস্থিতি ওয়ারিশ শাহ (রঃ) মাজার জিয়ারত করেন তিনি। এরপর মুরাদপুরের ফকিরহাটের সাদেক মাস্তান (রঃ) এর মাজার এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (রঃ) মাজারের মধ্য দিয়ে প্রথমদিনের প্রচারণা এবং মাজার জেয়ারত কর্মসূচী সমাপ্ত করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সীতাকুন্ড ইউপজেলা বিএনপি নেতা ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক রফিক উদ্দিন, শামসুল আলম, সেলিম উদ্দিন, আব্বাস রশিদ, ডাঃ কমল কদর, গাজী মো.সুজা উদ্দিন, মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, শাহেদ আকবর, ফেরদৌস আলম,নুরুল আনোয়ার, খোরশেদ মেম্বার প্রমুখ।
এদিন বিকালে ধানের শীষ ও আসলাম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে একযোগে গনমিছিল অনুষ্ঠিত হয়।