নিজস্ব প্রতিবেদক-
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ২০২৫ অর্থবছরে ৩,৯৩১ কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়েছে। ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় এ লোকসান ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই বড় অঙ্কের ক্ষতির ফলে ব্যাংকটির আর্থিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক ১০৮.৫১ টাকায়, যা ব্যাংকটির আর্থিক ঝুঁকির গভীরতা নির্দেশ করছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির এ বিপর্যয়ের প্রধান কারণ নিট সুদ আয়ের বড় ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণ। ২০২৫ সালে জনতা ব্যাংকের নিট সুদ আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৫,৯০৩ কোটি টাকা, যা ব্যাংকটির আয়ের কাঠামোয় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮০০ কোটি টাকায়, যা সামগ্রিক ব্যাংকিং খাতের জন্যও উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে।
২০২৫ সালের শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (EPS) বেড়ে দাঁড়িয়েছে ১৬৯.৯০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ না নিলে ব্যাংকটির আর্থিক অবস্থা আরও অবনতির ঝুঁকিতে রয়েছে।