নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, একসময় সাধারণ জীবনযাপন করলেও পরে তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন। এরপর চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন এবং পরবর্তীতে সাজ্জাদ গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিতি পান।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, দুবাইয়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসভবনে গুলিবর্ষণ ও হামলার ঘটনাও ঘটানো হতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ২০২৫ সালের ৩০ মার্চ সংঘটিত বাকলিয়ার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ মোট ১৫টি মামলার আসামি।