• ঢাকা |

বেলজিয়াম-ইরান ম্যাচে প্রথমবার প্রয়োগ হলো বিশ্বকাপের নতুন নিয়ম


নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

২০২৬ বিশ্বকাপে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সময়ক্ষেপণ রোধে খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রে প্রণীত ‘অ্যান্টি-টাইম ওয়েস্টিং’ নিয়মটি প্রথমবারের মতো বাস্তবে প্রয়োগ করা হয়েছে বেলজিয়াম ও ইরানের ম্যাচে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৩৯তম মিনিটে ইরানের কোচ মিডফিল্ডার ওমিদ এজাতোলাহিকে তুলে স্ট্রাইকার হোসেইনজাদেহকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। তবে নতুন নিয়ম অনুযায়ী ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়ার বাধ্যবাধকতা থাকলেও এজাতোলাহি নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ত্যাগ করেননি।

ফলে বদলি খেলোয়াড় হোসেইনজাদেহকে সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশের অনুমতি দেননি রেফারি। নতুন নিয়ম অনুযায়ী, খেলা পুনরায় শুরু হওয়ার আগে পরবর্তী বাঁশি না বাজানো পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়।

এর ফলে প্রায় দুই মিনিট ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে বাধ্য হয় ইরান। পরে অফসাইডের কারণে খেলা থামলে রেফারির বাঁশির পর হোসেইনজাদেহ মাঠে প্রবেশ করেন।

এই সময়ের মধ্যে বেলজিয়ামের ডে কুয়েপার একটি ভালো সুযোগ তৈরি করলেও ইরানের গোলরক্ষক তা সফলভাবে প্রতিহত করেন।

উল্লেখ্য, ২০২৬ সালে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সময়ক্ষেপণ কমাতে এই নতুন নিয়ম প্রণয়ন করে। এর উদ্দেশ্য হলো খেলোয়াড় পরিবর্তনের সময় অযথা বিলম্ব রোধ করা এবং ম্যাচের গতি বজায় রাখা।