• ঢাকা |

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আর বাধা নেই


নিউজ প্রকাশের তারিখ : ১২ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনায় কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে তিনি অনুরোধ জানিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের বিষয়ে গত ১১ ডিসেম্বর দেওয়া রায় এবং ৭ জানুয়ারির আদেশের কপি সম্প্রতি চেম্বার কর্তৃপক্ষের হাতে আসে।

ওই রায়ের আলোকে চেম্বারের পক্ষ থেকে চট্টগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর কাছ থেকে আইনগত মতামত নেওয়া হয়। তিনি জানান, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয়টি পদ বহাল রেখে মোট ২৪টি পরিচালক পদে নির্বাচন করতে কোনো আইনগত বাধা নেই।

সূত্র জানায়, গত ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪টি পরিচালক পদে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলাজনিত জটিলতায় তা স্থগিত করা হয়। তফসিল অনুযায়ী অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।