• ঢাকা |

তিন প্রদর্শনীতে জমজমাট আইসিসিবি, বাড়ছে দর্শনার্থীর ভিড়


নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একই সঙ্গে চলছে গাড়ি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং জাহাজ নির্মাণ ও সামুদ্রিক শিল্পবিষয়ক তিনটি প্রদর্শনী। ভিন্ন ভিন্ন খাতের এসব আয়োজন ঘিরে প্রদর্শনীস্থলে বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রেতা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রদর্শনীগুলোতে আধুনিক প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ, নতুন অংশীদারত্ব এবং বিনিয়োগের সম্ভাবনা খুঁজছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

সুপার সেল কার বাজারে প্রায় ৩৫০ গাড়ি

আইসিসিবিতে প্রতি শুক্রবার আয়োজিত ‘সুপার সেল কার বাজার’ গত ১৬ অক্টোবর ষষ্ঠ সপ্তাহে পা রেখেছে। নতুন গাড়ির পাশাপাশি রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখতে এবং দাম ও সুযোগ-সুবিধা যাচাই করতে এসেছেন অনেক ক্রেতা।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ বাজার প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। বাজারে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিভিন্ন মডেলের নতুন, রিকন্ডিশন্ড ও পুরোনো গাড়ি। ক্রেতাদের কেউ গাড়ির মডেল, দাম ও বৈশিষ্ট্য সম্পর্কে বিক্রেতাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন, আবার কেউ একাধিক গাড়ির সুযোগ-সুবিধা তুলনা করে দেখছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফারও দিচ্ছেন বিক্রেতারা। প্রদর্শিত গাড়ির মধ্যে জাপানি ও চীনা ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি (ইভি) উল্লেখযোগ্য।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা জানান, গত কয়েক সপ্তাহের আয়োজন থেকে ভালো সাড়া পাওয়া গেছে। গত শুক্রবারের বাজারে প্রায় ৩৫০টি গাড়ি এসেছে। আগের সপ্তাহগুলোর তুলনায় এবার ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ও আগ্রহও বেশি ছিল।

কৃষি ও খাদ্যশিল্পের আধুনিক প্রযুক্তি

কৃষি উৎপাদন থেকে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে ‘ফার্ম টু ফুড বাংলাদেশ ২০২৬’ প্রদর্শনীতে। আইসিসিবির গুলনকশা ও নবরাত্রি হলে তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে গত শুক্রবার বিভিন্ন স্টলে দর্শনার্থীদের আনাগোনা ছিল।

প্রদর্শনীতে কৃষি ও খাদ্যশিল্পের যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি, প্যাকেজিং সরঞ্জাম, মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণের যন্ত্র, পশুখাদ্য, সার, কৃষি উপকরণ এবং খাদ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা স্থান পেয়েছে। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও এসব প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে জানতে দেখা গেছে।

আয়োজকদের মতে, কৃষি ও খাদ্যশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং খাতের উন্নয়ন এবং কোল্ড চেইন ব্যবস্থার সম্প্রসারণ এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ ও নতুন অংশীদারত্ব তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

প্রদর্শনীতে আর্ন প্রিমিয়াম অ্যাডিটিভ, ট্র্যাড গ্লোবাল লিমিটেড, হুনান নগিউ মেশিনারি গ্রুপ লিমিটেড, ঝিয়াং শেংকুন কিচেনওয়্যার কোম্পানি লিমিটেড, জিয়াং জিউলিন টেকনোলজি কোম্পানি লিমিটেড, এসিআই অ্যানিমেল হেলথ, এসিআই ফার্টিলাইজার, এসিআই অ্যাগ্রো বিজনেস, মেওয়া টেক সলিউশন, ফুডটেক বাংলাদেশ, ফিশটেক বিডি লিমিটেড ও থার্মো কেয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেরিটাইম ও অফশোর শিল্পের প্রযুক্তি প্রদর্শন

জাহাজ নির্মাণ, মেরামত ও সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি দেখতে আইসিসিবিতে ভিড় করছেন সংশ্লিষ্ট খাতের পেশাজীবী, ব্যবসায়ী ও দর্শনার্থীরা। পুষ্পগুচ্ছ ও নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স ২০২৬’। গত শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন, আর শনিবার প্রদর্শনীর শেষ দিন।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিভিন্ন স্টলে জাহাজ নির্মাণ ও মেরামতের যন্ত্রপাতি, নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা, মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সরঞ্জাম এবং অফশোর শিল্পের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে মেরিটাইম খাতের নতুন প্রযুক্তি ও সরঞ্জাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার পথও প্রসারিত হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওশিয়ান ইলেকট্রনিক লিমিটেড, গোল্ডেন মেরিটাইম টেকনোলজি, টিএসআই মেরিটাইম, শ্রী বাংলা বোল্ড বিল্ডার্স, অফশোর ও মেরিন ইঞ্জিনিয়ার লিমিটেড, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, গ্রুপ নটিকা, এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজি লিমিটেড, শিপডাইন লিমিটেড ও মেরিন হাউসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ব্যবসা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ

গাড়ি, কৃষি-খাদ্য এবং মেরিটাইম শিল্পের বিষয়বস্তু আলাদা হলেও তিনটি প্রদর্শনীর মূল লক্ষ্য পণ্য ও প্রযুক্তির পরিচিতি বাড়ানো এবং ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি করা। এসব আয়োজনের মাধ্যমে ক্রেতারা পণ্য যাচাইয়ের সুযোগ পাচ্ছেন, আর উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য গ্রাহক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ খুঁজছেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রদর্শনী বিভিন্ন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।