নিজস্ব প্রতিবেদক -
চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় সন্দেহভাজন সিএনজিটি চেকপোস্টে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. সেলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম প্রকাশ মরজান (৩৫)। তারা সবাই কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা।
পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।