• ঢাকা |

স্পেন-আর্জেন্টিনা ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প, নিরাপত্তায় এফ-১৬ যুদ্ধবিমান


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ফাইনালকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। গ্যালারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে মেটলাইফ স্টেডিয়াম ও আশপাশের এলাকায় এফ-১৬ যুদ্ধবিমান, স্নাইপার, এফবিআই এজেন্ট এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পর্যায়ের ‘লেভেল-১’ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম ও এর আশপাশের আকাশসীমা অস্থায়ীভাবে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে এবং দর্শকদের খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে মাঠে প্রবেশের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই নিরাপত্তা আয়োজন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সমপর্যায়ের। তার ভাষ্য, এটি সুপার বোলের নিরাপত্তা ব্যবস্থাকেও ছাড়িয়ে গেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ ফাইনাল নির্বিঘ্ন করতে ফেডারেল সংস্থা, স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে।

এরই মধ্যে স্টেডিয়ামের ওপর আরোপিত অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ছোট বেসামরিক বিমানকে এফ-১৬ যুদ্ধবিমান বাধা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। পাশাপাশি সম্ভাব্য ড্রোন হুমকি মোকাবিলায় স্টেডিয়ামসংলগ্ন আকাশে উড়তে থাকা শত শত অননুমোদিত ড্রোন জব্দ করেছে এফবিআই।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপের আগের ১০৩টি ম্যাচ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।