• ঢাকা |

এক বছরে ৩৪ লাখ কনটেইনার হ্যান্ডলিং করল বন্দর


নিউজ প্রকাশের তারিখ : ১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালে ৩৪ লাখের বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগের বছর যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস (২০ ফুট দীর্ঘ)। এবার প্রায় ৪ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। 

চট্টগ্রাম বন্দর  কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত  মোট জাহাজ হ্যান্ডলিং করেছে ৪ হাজার ২৬৭টি, আগের বছর যা ছিল ৩ হাজার ৮৬৭টি। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় সাড়ে ১০ শতাংশ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৩ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৬৪ মেট্রিক টন। গত বছর যা ছিল ১২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১৪ টন। প্রবৃদ্ধি প্রায় সোয়া ১১ শতাংশ। 

তাই কনটেইনার হ্যান্ডলিংয়ের ওপর আধুনিক বন্দরগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রায় সব ধরনের পণ্যই কনটেইনারে পরিবহন করা হয়। তবে সিরামিক, সিমেন্টসহ বিভিন্ন শিল্পের বেশি পরিমাণে আমদানি করা কাঁচামাল, খাদ্যশস্য এখনো কার্গো জাহাজে আনা হয়। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর চ্যানেল ও জেটি এলাকায় গভীরতা কম থাকায় এসব বড় জাহাজ সরাসরি ভিড়তে পারে না।
গভীর সাগরে অপেক্ষমাণ থাকে বড় জাহাজ। তার পাশে ছোট জাহাজ (লাইটার) ভিড়িয়ে খালাস করে গন্তব্যে নেওয়া হয়। 

বন্দরের পরিচালক মো. ওমর ফারুক বলেন, আশাকরি ২০২৫ সালে বন্দরের হ্যান্ডলিংয়ের চূড়ান্ত তথ্য আগামীকাল পেয়ে যাব। ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত তথ্য আমাদের হাতে এসেছে। যা বিগত বছরের চেয়ে বেশি এবং রেকর্ডও। সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন, আধুনিক হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কর্মীদের প্রশিক্ষণ, নতুন নতুন ইয়ার্ড, টার্মিনাল, জেটি, শেড নির্মাণ, সংস্কার, অপারেশন, নিলাম প্রক্রিয়া দ্রুততর করাসহ বহুমুখী উদ্যোগের কারণে বিগত বছরের তুলনায় সব খাতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে। এ অর্জনে সরকার, মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বন্দরের শ্রমিক, কর্মচারী, বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্টরা অংশীদার।