• ঢাকা |

সংকট ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চট্টগ্রামে আমির খসরু মাহমুদ


নিউজ প্রকাশের তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

রাজনীতির নামে ষড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি বাড়তি নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় আমির খসরু আরো বলেন, পরাজিত শক্তি আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। দলের প্রতি ভালোবাসার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা নিয়েই সবাইকে কাজ করতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস অনেকের হবে না। বিএনপি সেই সাহস দেখিয়েছে এবং বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।

আগামী দিনের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন অপশক্তি চেষ্টা করবে উল্লেখ করে আমির খসরু সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ সভাপতিত্ব করেন। সদস্যসচিব নাজিমুর রহমান সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।