• ঢাকা |

বাজেট ২০২৬-২৭: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর ছাড়ের পরিকল্পনা


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বড় ধরনের কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের আয়ের ওপর বর্তমানে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ উৎস কর প্রত্যাহার করা হতে পারে।

বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্জিত বৈদেশিক আয়ের ক্ষেত্রে এই কর ছাড় প্রযোজ্য হতে পারে। এ বিষয়ে ফিন্যান্স বিল-২০২৬-এ প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাখ্যা অনুযায়ী, এ সুবিধা কেবল স্বতন্ত্রভাবে কনটেন্ট তৈরি করা ব্যক্তি বা ফ্রিল্যান্সারদের জন্য প্রযোজ্য হবে। কোনো মিডিয়া হাউস বা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কর সুবিধা প্রযোজ্য হবে না।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের দ্রুত সম্প্রসারিত ‘ক্রিয়েটর ইকোনমি’ আরও শক্তিশালী হবে। পাশাপাশি তরুণদের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান আরও বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে প্রায় পাঁচ লাখের বেশি ফ্রিল্যান্সার বিভিন্ন ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত রয়েছেন।

অন্যদিকে যাত্রীসেবার সুবিধা বিবেচনায় ঢাকা মেট্রোরেলের ভাড়ার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও এক বছর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। চলতি বছরের জুনে এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন বাজেটে তা অব্যাহত রাখার প্রস্তাব আসতে পারে।

২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়া মেট্রোরেল বর্তমানে রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহন। প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখের বেশি যাত্রী এ সেবা ব্যবহার করছেন।