• ঢাকা |

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে,অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ২৭ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান ঈদ জামাতে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।

এবার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মেডিকেল টিম, মোবাইল টয়লেট এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা হয়েছে।

ঈদ জামাত ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও আর্চওয়ে গেট। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ময়দানে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে কিংবা ভারী বর্ষণ দেখা দিলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বিভিন্ন মসজিদ ও উন্মুক্ত স্থানেও ঈদের জামাত আয়োজনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।