• ঢাকা |

ফয়’স লেকের সামনে গ্যাস পাইপলাইনে লিক, সড়কে আগুনে আতঙ্ক


নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কে ফয়’স লেকের প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টা ৫৫ মিনিটে ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন লাগার খবর নিয়ন্ত্রণকক্ষে আসে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। অভিযান শেষে দুপুর ২টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিজ নিজ স্টেশনে ফিরে যায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাটির কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের শিখা দেখে স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।