নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের রাউজানের যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা এবং হাটহাজারীর নুরুল আজম হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন দিদার ও আফসার। রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে স্থাপিত বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।
তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, দিদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১০টি মামলা রয়েছে। একই ধরনের অভিযোগে আফসারের বিরুদ্ধে রয়েছে ৬টি মামলা।
এদিকে, হাটহাজারীর নুরুল আজম হত্যা মামলায় আকিল ও মো. আলী আকবর নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি শটগান এবং বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় বোরহান ও রনি নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।