• ঢাকা |

একদিনে ১১বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ,যোগ্যতা নয়-প্রাধান্য পেয়েছে দলীয় আনুগত্য: জামায়াত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-
দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির দাবি, এসব নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্য ও রাজনৈতিক বিবেচনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ার বলেন,

জনগণের প্রত্যাশা ছিল যোগ্যতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু বাস্তবে দলীয় বিবেচনাই প্রাধান্য পেয়েছে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্র। সেখানে দলীয়করণের প্রভাব পড়লে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি হয় এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়। অতীতে এমন পরিস্থিতির কারণে সেশনজট ও সহিংসতার অভিজ্ঞতাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের ঘটনাও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয়করণ বিস্তৃত করছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা দেশের গণতন্ত্র ও শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত।

সবশেষে তিনি অবিলম্বে এই নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও একাডেমিক যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।