মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু পথেই থেমে গেল দুই বছরের শিশু তাহসিনের জীবনের সব যাত্রা।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তাহসিন (২)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বরইতলী–মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চকরিয়া থেকে সিএনজিযোগে কুতুবদিয়া যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। পথে মগনামা থেকে আসা একটি বলাকা বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তাহসিনের মা আনারকলি (৩৫), উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) এবং আবদুল্লাহ (৪), মো. ইউনুছ (৬৫) ও সাহেদ (৩০)। গুরুতর আহত আনারকলিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, পুলিশ সিএনজি অটোরিকশাটি আটক করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।