• ঢাকা |

কোরবানির বর্জ্য অপসারন সম্পন্ন,বর্জ্য দেখলে জানানোর আহ্বান মেয়রের


নিউজ প্রকাশের তারিখ : ২৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম নগরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের দামপাড়া কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, দুপুর ২টা থেকে নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে তা শেষ করা হয়েছে। এ কাজে চসিকের ৩২০০ পরিচ্ছন্নতাকর্মী ও ৩৭৯টি যানবাহন অংশ নেয়। ডাম্প ট্রাক, কম্পেক্টর ও পে-লোডারসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে পাড়া-মহল্লা ঘুরে বর্জ্য সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, “আমি সকাল ৯টা থেকেই কার্যক্রম তদারকি করেছি। বর্জ্য অপসারণের পাশাপাশি পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে।”

মেয়র জানান, নগরের কিছু এলাকায় বিকালে কোরবানি দেওয়ার প্রচলন থাকায় সেসব এলাকার বর্জ্য অপসারণেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, যারা পরদিন কোরবানি দেবেন তাদের বর্জ্যও অপসারণ করবে চসিক।

নগরের কোথাও রাত ৮টার পরও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজার বা দামপাড়া কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।