• ঢাকা |

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে বিতর্ক, কমিশন বাতিলের দাবি


নিউজ প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন এবং পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন একাংশের আইনজীবীরা।
ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ এর ব্যানারে দেওয়া এক লিখিত আবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-এর প্রায় ১৩৫ বছরের ঐতিহ্য থাকলেও সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমে সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।
আবেদন অনুযায়ী, নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণার পর গত ৪ মে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও সমর্থন গ্রহণের সময় নির্ধারণ করা হয়। তবে অভিযোগ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রার্থী বাধা-বিপত্তি ও অনিয়মের মুখে পড়েন।
আরও বলা হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন তা করতে ব্যর্থ হয়। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ না হওয়ায় নির্বাচন কমিশনের কার্যক্রম গঠনতন্ত্র পরিপন্থী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরবর্তীতে যেকোনো কার্যক্রমকে অবৈধ, বেআইনি ও অকার্যকর হিসেবে গণ্য করার দাবি তোলা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম নির্ধারিত সময়ের বাইরে পরিচালনা করা হয়েছে, যা সমিতির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় আবেদনকারীরা বর্তমান নির্বাচন কমিশন বাতিল, নতুন কমিশন গঠন এবং পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।
ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম স্বাক্ষরিত আবেদনে আইনজীবী সমাজের বৃহত্তর স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন সাধারণত আইনজীবীদের পেশাগত নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নির্বাচন ঘিরে এমন বিতর্ক আইনজীবী অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।