চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের লোহারদিঘিরপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিআর ট্রাভেলসের একটি বাস লোহারদিঘিরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ঢাকা হয়ে বাসটির বগুড়ায় যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণ তদন্ত করছে হাইওয়ে পুলিশ।