• ঢাকা |

দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতা প্রিয় মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সংসদের দিকে তাকিয়ে আছে - তারেক রহমান


নিউজ প্রকাশের তারিখ : ১২ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতা প্রিয় মানুষ এই সংসদের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। এই সংসদের  স্পিকার কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। 

এসময় বিএনপির চেয়ারম্যান আরো বলেন, বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিতেন, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ। 

গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই আমরা। এক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় আমরা স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

বক্তব্যের শেষদিকে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। 

সবশেষে মহান আল্লাহর দরবারে জাতীয় সংসদের সফলতা কামনা করে তারেক রহমান বলেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।