• ঢাকা |

কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫


নিউজ প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে গ্যাসবাহী লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার খাজা নগর এলাকার আশরাফুল (২৮), অটোরিকশাচালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। নিহত অপর এক নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তারা সবাই অটোরিকশায় করে খাজানগরের দিকে যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, অটোরিকশাটি কুষ্টিয়ার কবুরগাট এলাকা থেকে বাইপাস হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনা থেকে তরল গ্যাস নিয়ে একটি লরি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়। ফিলিং স্টেশনের সামনে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়দেব জানান, দুর্ঘটনায় জড়িত লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।