• ঢাকা |

পিডিবির দুই প্রকৌশলীকে লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার ও সহকারী প্রকৌশলী মেহেদী হকের ওপর হামলা, শারীরিক লাঞ্ছনা ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার।

ফোরামের সহকারী সম্পাদক প্রকৌশলী মো. অহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহউদ্দিন খালেদ, সিনিয়র সদস্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ এবং প্রকৌশলী মো. তৌহিদুল আনোয়ার।

বক্তারা বলেন, গত ৯ জুন পিডিবির নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার ও সহকারী প্রকৌশলী মেহেদী হকের ওপর শ্রমিক সংগঠন সিবিএ, কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় প্রকৌশলী সমাজ গভীরভাবে মর্মাহত।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবাখাতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশ্বের সভ্যতা বিনির্মাণের অন্যতম চালিকাশক্তি প্রকৌশলীরা হলেও দুঃখজনকভাবে তারা নানা সময়ে অবহেলার শিকার হচ্ছেন।

তিনি বলেন, প্রকৌশলী নিলুফারিন আক্তার ও মেহেদী হকের ওপর সংঘটিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।

মানববন্ধন থেকে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।