• ঢাকা |

কর্ণফুলীতে স্বাস্থ্যসেবার সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে: এমপি সরওয়ার জামাল


নিউজ প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের সহযোগিতায় নির্মিত নতুন ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। 

ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান করে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে স্বাস্থ্যসেবার সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভবন উদ্বোধন ও বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন জরুরি। এ জন্য বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
এর আগে উপজেলা পরিষদের সহযোগিতায় নির্মিত নতুন ভবনটি উদ্বোধন করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

বিশেষ সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, অফিসার ইনচার্জের প্রতিনিধি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন ফারুকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।