• ঢাকা |

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ২ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরেক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের ‘পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট-পিআইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুইদিনে দুই শিশু মারা গেল।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানায়, শিশুটিকে গতকাল সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতাল থেকে এখানে আনা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হলে রাতে মারা যায়। হামের উপসর্গ নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল।  

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী আরেক শিশু মারা যায়। সেই শিশুটিও কক্সবাজার জেলার বাসিন্দা ছিল।

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৬ জন। তার মধ্যে ৪০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। জেলায় আট শিশুর নমুনায় হাম শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হওয়াদের মধ্যে ছয়জন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুরা চিকিৎসা নিচ্ছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে।  

জ্বর, সর্দি, কাশি, চোখ ওঠার মতো কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে এবং যদি জ্বর না কমে বা অন্যান্য জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।