• ঢাকা |

বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২


নিউজ প্রকাশের তারিখ : ১ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার বাসিন্দা মো. বাহাদুর আলম (২৮) এবং বড় মহেশখালী ইউনিয়নের আবুল বশরের ছেলে নোমান মোহাম্মদ ইলাহি (৩৫)। বাহাদুর আলম এক সন্তানের জনক ছিলেন এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আহতরা হলেন মনি বেগম (২৪) ও মো. হেলাল (২৩)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আছরার উল্লাহ নূরী জানান, দুর্ঘটনার পর আহত চারজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, চকরিয়ার মগনামা ঘাট থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।