• ঢাকা |

দলীয় সরকার নয়, জনগণের সরকার চাই : শফিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আমরা দলীয় সরকার গঠন করতে চাই না, চাই জনগণের সরকার গঠন হোক। সে লক্ষ্যে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। ইসলাম ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। যদি জনগণ আমাদের ওপর আস্থা রাখে, তাহলে ইনশাআল্লাহ আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দেব। যেখানে ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সবাই সমান অধিকার ভোগ করবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম সামশুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির জাফর সাদেক, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ আসনের অধ্যাপক মাহমদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের ডা. ফরিদুল আলম, বান্দরবান-৩০০ আসনের ১১ জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মুহাম্মদ সুজা উদ্দিন প্রমূখ। এছাড়া স্থানীয় জামায়াত ও ১১ জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।