নিজস্ব প্রতিবেদক-
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি -সিসিসিআই এর দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। সকাল ৯টা থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই ভোট গ্রহণ শেষে এখন চলছে গননার কাজ। নির্বাচনে মোট ১৮টি পরিচালক পদে লড়ছেন ৫৩ জন। নির্বাচনে সাধারণ গ্রুপে ৪ হাজার এক জন এবং সহযোগী গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছে।
নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরাম ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে গতকাল এক সংবাদ সম্মেলন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক এই নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
তবে প্রার্থীতা প্রত্যাহার না করায় ব্যালটে সব প্রার্থীর নাম রয়েছে।
নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিরুল হক এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চিটাগং চেম্বােরের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল হক।
চেম্বার সূত্র জানায়, সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এরপর আর কোনো ভোট হয়নি; পরবর্তী কমিটিগুলো গঠিত হয়েছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। ফলে দীর্ঘদিন পর এবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়েছেন সদস্যরা।