• ঢাকা |

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের শাটডাউন, মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনও করেছেন তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। চলমান সংকট নিরসনে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে।

এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

শাটডাউনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা, গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলামকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর প্রতিবাদে নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।