নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকায় মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কল্পনা দাশ গুপ্ত (৫৫), স্বামী স্বপন দাশ গুপ্ত এবং স্বপন দাশ গুপ্ত (৬৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা (মহাজন বাড়ি) এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে ছেলে রোমি রাজ দাশ গুপ্ত (৩০) ধারালো অস্ত্র দিয়ে তার বাবা-মায়ের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই কল্পনা দাশ গুপ্ত মারা যান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত রোমি রাজ দাশ গুপ্তকে আটক করে আনোয়ারা থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রোমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে একাধিকবার পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ প্রায় তিন থেকে চার দিন আগে তিনি সেখান থেকে বাড়ি ফিরে আসেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।