বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ বুধবার থেকে। আগামীকল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ এবং একই দিন বিকেলে শুনানি অনুষ্ঠিত হবে।
পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত। ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না।
এবারও তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন—জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে ১ জন।
মোট ১৯২ কাউন্সিলরের বিপরীতে এবার জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। কয়েকটি জেলা ও প্রতিষ্ঠান থেকে কাউন্সিলরশিপ জমা পড়েনি।
জেলা ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী এবং কুমিল্লা শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আনসার ও ভিডিপি কাউন্সিলর মনোনয়ন জমা দেয়নি।