• ঢাকা |

সুখরঞ্জন বালী গুমে এএসপি ফজলুর রহমানের সম্পৃক্ততার দাবি ডিবির


নিউজ প্রকাশের তারিখ : ৪ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা: ২০১২ সালে হাইকোর্ট এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের পর গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় একটি গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন, শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি ও তার টিমের সদস্যদের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম ট্রাইব্যুনালের মাধ্যমেই পরিচালিত হবে।